১.সেবার পরিচয়
ShadiMaker বাংলাদেশের মানুষ ও পরিবারের জন্য একটি বিবাহ পাত্র-পাত্রী সন্ধান প্ল্যাটফর্ম। আমরা সদস্যদের পরিচিত হওয়ার মাধ্যম দিই; বিয়ের সিদ্ধান্ত, যাচাই ও আয়োজন সম্পূর্ণ সদস্য ও তাঁদের পরিবারের দায়িত্ব।
ShadiMaker নিজে কোনো ঘটক, এজেন্সি বা বিবাহ রেজিস্ট্রার নয়, এবং কোনো সম্পর্কের ফলাফলের নিশ্চয়তা দেয় না।
২.সদস্য হওয়ার যোগ্যতা
- বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের বৈধ বয়স (নারী ১৮, পুরুষ ২১ বছর) পূর্ণ হতে হবে
- বিয়ের আইনগত বাধা থাকা চলবে না
- অভিভাবক বা পরিবারের সদস্য অন্যের পক্ষে প্রোফাইল খুলতে পারেন, তবে সেই ব্যক্তির সম্মতি থাকতে হবে
- একজন ব্যক্তির জন্য একটিই প্রোফাইল
৩.অ্যাকাউন্ট ও নিরাপত্তা
আপনার মোবাইল নম্বর, পাসওয়ার্ড ও ওটিপি গোপন রাখা আপনার দায়িত্ব। আপনার অ্যাকাউন্ট থেকে হওয়া সব কার্যক্রমের দায় আপনার। অননুমোদিত ব্যবহার টের পেলে সাথে সাথে আমাদের জানান।
৪.প্রোফাইলের তথ্য ও সত্যতা
প্রোফাইলে দেওয়া সব তথ্য সত্য, এখনকার ও আপনার নিজের (বা যাঁর পক্ষে দিচ্ছেন তাঁর সম্মতিতে) হতে হবে। ভেরিফিকেশন ব্যাজ মানে আমরা নির্দিষ্ট নথি দেখেছি — এটি ব্যক্তির চরিত্র বা আচরণের নিশ্চয়তা নয়। বিয়ের আগে পরিবার হিসেবে নিজস্ব খোঁজখবর নেওয়া দরকার।
অভিভাবকের মোবাইল নাম্বার হিসেবে শুধু প্রকৃত অভিভাবকের নাম্বার দিতে হবে। বন্ধু, সহকর্মী, কাজিন বা পাত্র/পাত্রীর নিজের নাম্বার দিলে প্রোফাইল স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।
আমরা যেকোনো প্রোফাইল, ছবি বা লেখা যাচাই, বদলাতে বলার বা বাতিল করার অধিকার রাখি। পর্যালোচনায় আমরা AI-এর সহায়তা নিতে পারি, তবে প্রতিটি সিদ্ধান্ত আমাদের টিমের একজন সদস্য নেন।
৫.আচরণবিধি
সব সদস্যকে কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে। প্রতারণা, হয়রানি, আর্থিক সুবিধা চাওয়া, ভুয়া পরিচয় বা বাণিজ্যিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
৬.সেবার মূল্য ও অনুদান
বর্তমানে অ্যাকাউন্ট খোলা, প্রোফাইল তৈরি এবং ShadiMaker-এর মূল সুবিধাগুলো ব্যবহার করতে কোনো অর্থ পরিশোধ করতে হয় না।
কোনো নতুন ঐচ্ছিক মূল্যযুক্ত সেবা চালু হলে তা ওয়েবসাইটে জানানো হবে। এ ধরনের সেবা নেওয়া সম্পূর্ণ আপনার ইচ্ছা।
বর্তমানে বিনামূল্যে পাওয়া কোনো সুবিধার মূল্য নির্ধারণ বা পরিবর্তন করা হলে তা কার্যকর হওয়ার আগে ওয়েবসাইটে নোটিশ দিয়ে এবং ইমেইলে জানানো হবে।
সদস্যের সম্মতি ও পরিশোধ ছাড়া কোনো মূল্যযুক্ত সেবা চালু হবে না।
অনুদান সম্পূর্ণ স্বেচ্ছামূলক; এতে কোনো বাড়তি সুবিধা, অগ্রাধিকার বা পয়েন্ট পাওয়া যায় না। অনুদানের রিফান্ড রিফান্ড ও বাতিল নীতি অনুযায়ী হবে।
৭.পয়েন্ট, রেফারেল ও বুস্ট
- পয়েন্ট শুধু ShadiMaker-এর ভেতরে (প্রোফাইল বুস্ট ও পয়েন্ট পেজে দেখানো অন্যান্য সুবিধায়) ব্যবহারের জন্য; একে টাকা হিসেবে গণ্য করা হয় না
- “দ্রুত অনুমোদন” নিলে জমা দেওয়া প্রোফাইল যাচাইয়ের সারিতে সবার আগে যায় এবং সকাল ৯টা থেকে রাত ১০টার মধ্যে ৬ ঘণ্টার ভেতরে দেখা হয়; না হলে পয়েন্ট নিজে থেকেই ফেরত দেওয়া হয়। যাচাই একই নিয়মে হয়, অনুমোদনের নিশ্চয়তা নয়
- পয়েন্ট শুধু পয়েন্ট পেজ থেকে বিকাশে কেনা যায় (কেনা ঐচ্ছিক; রিফান্ড রিফান্ড নীতি অনুযায়ী); বিক্রি, হস্তান্তর বা টাকায় রূপান্তর করা যায় না
- আমরা পয়েন্টের পরিমাণ, শর্ত ও বুস্টের নিয়ম আগাম নোটিশ দিয়ে পরিবর্তন করতে পারি
- সফল গল্প, রিভিউ বা ব্লগ লেখার পয়েন্ট শুধু অ্যাডমিন অনুমোদনের পর দেওয়া হয়, প্রতিটি লেখার জন্য একবার; পরে সম্পাদনা করলে লেখাটি আবার যাচাই হয়, কিন্তু নতুন করে পয়েন্ট দেওয়া হয় না
- অপব্যবহার, একাধিক অ্যাকাউন্ট বা প্রতারণামূলক রেফারেলের ক্ষেত্রে পয়েন্ট বাতিল করা হতে পারে
- ব্যবহার না হলে শেষ কার্যক্রমের ১২ মাস পর পয়েন্টের মেয়াদ শেষ হয়
বিস্তারিত: রেফারেল ও পয়েন্ট নির্দেশিকা, প্রোফাইল বুস্ট নির্দেশিকা।
৮.প্রোফাইল শেয়ার
সদস্যরা পরিবারের সাথে আলোচনার জন্য প্রোফাইলের লিংক শেয়ার করতে পারেন। শেয়ার লিংকে শুধু সাধারণ তথ্য দেখানো হয়। অন্য সদস্যের ছবি বা তথ্য স্ক্রিনশট নিয়ে বা অন্যভাবে ShadiMaker-এর বাইরে প্রকাশ করা নিষিদ্ধ।
টাইমলাইন (সদস্যদের পোস্ট)
টাইমলাইন-এ সদস্যরা লেখা ও ছবি পোস্ট, মন্তব্য, ভালো লাগা ও শেয়ার করতে পারেন; প্রকাশিত পোস্ট লগইন ছাড়াও সবাই পড়তে পারেন। প্রতিটি পোস্ট ও মন্তব্য অ্যাডমিন অনুমোদন দিলে তবেই প্রকাশিত হয়। নিয়মবিরোধী হলে প্রকাশ হয় না ও মুছে যায়। প্রকাশের পরেও রিপোর্ট বা নিয়মভঙ্গের কারণে পোস্ট লুকানো বা মুছে ফেলা হতে পারে। পোস্ট সম্পাদনা করা যায় না, শুধু মুছে ফেলা যায়। অন্যের ছবি বা ব্যক্তিগত তথ্য তাঁর অনুমতি ছাড়া পোস্ট করবেন না, আর ফোন নম্বর, ইমেইল বা লিংক দেবেন না।
বেনামে পোস্ট করলে অন্য সদস্যরা আপনার নাম ও ছবি দেখেন না; তবে নিয়মভঙ্গ, অভিযোগ বা আইনি প্রয়োজনে অ্যাডমিন লেখকের পরিচয় দেখতে পারেন, এবং প্রতিবার কারণসহ তা লগে থাকে। প্রকাশিত পোস্টের জন্য পয়েন্ট পাওয়া যায় (পয়েন্ট নির্দেশিকা); পোস্ট মুছে গেলে সেই পয়েন্ট ফেরত নেওয়া হয়, আর পয়েন্টের জন্য একই বা অর্থহীন পোস্ট করলে পয়েন্ট বাতিল বা অ্যাকাউন্ট স্থগিত হতে পারে।
৯.মেধাস্বত্ব
ShadiMaker-এর নাম, লোগো, ডিজাইন ও কনটেন্ট আমাদের সম্পত্তি। আপনি যে ছবি ও লেখা দেন তার মালিকানা আপনার, তবে সেবা চালানোর জন্য (দেখানো, যাচাই, আকার বদলানো) সেগুলো ব্যবহারের অনুমতি আমাদের দিচ্ছেন। সফল গল্প, রিভিউ বা ব্লগ লেখা জমা দিলে আপনি নিশ্চিত করছেন যে লেখাটি আপনার নিজের এবং অনুমোদনের পর তা ShadiMaker-এ প্রকাশের অনুমতি দিচ্ছেন। আমরা কোনো লেখা প্রকাশ না করার, প্রয়োজনে সংক্ষিপ্ত বা সংশোধন করার এবং যেকোনো সময় সরিয়ে নেওয়ার অধিকার রাখি।
১০.অ্যাকাউন্ট সাসপেন্ড ও বাতিল
শর্তাবলি বা কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে আমরা সতর্ক, সাসপেন্ড বা স্থায়ীভাবে অ্যাকাউন্ট বাতিল করতে পারি। আপনি যেকোনো সময় নিজের অ্যাকাউন্ট বন্ধ বা মুছে ফেলতে পারেন — দেখুন অ্যাকাউন্ট বন্ধ ও মুছে ফেলা।
১১.দায় সীমাবদ্ধতা
সদস্যদের দেওয়া তথ্য, তাঁদের আচরণ বা প্ল্যাটফর্মের বাইরের কোনো ঘটনার জন্য ShadiMaker দায়ী নয়। আমরা সেবা নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা করি, তবে কারিগরি ত্রুটি বা রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
১২.প্রযোজ্য আইন ও বিরোধ
এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে। কোনো বিরোধ হলে প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে; ব্যর্থ হলে বাংলাদেশের এখতিয়ারসম্পন্ন আদালত প্রযোজ্য হবে।
১৩.শর্তাবলি পরিবর্তন
আমরা প্রয়োজনে এই শর্তাবলি আপডেট করতে পারি। গুরুত্বপূর্ণ পরিবর্তন চালু হওয়ার অন্তত ১৪ দিন আগে ইমেইল বা নোটিফিকেশনে জানানো হবে।
১৪.যোগাযোগ
প্রশ্ন থাকলে লিখুন: [email protected] অথবা যোগাযোগ পেজ। ঠিকানা: বারইয়ারহাট, মিরসরাই, চট্টগ্রাম।
১৫.ঐচ্ছিক অ্যাকাউন্ট সহায়তা সেবা
অ্যাকাউন্ট খোলা ফ্রি। যাঁরা নিজে অ্যাকাউন্ট খুলতে পারেন না, তাঁরা চাইলে ২০০ টাকা ফিতে এই ঐচ্ছিক সেবা নিতে পারেন। এই সেবায় যা থাকে:
- সম্পূর্ণ তৈরি প্রোফাইল — সুন্দর ও মার্জিত ভাষায় লেখা
- রেডি বায়োডাটা (PDF) — WhatsApp-এ পাঠান, প্রিন্ট করুন বা আত্মীয়দের দিন
- ছবি প্রস্তুত — সেরা ছবি বাছাই, মাপ ও আলো ঠিক করা
- ছবিতে শুধু মাপ ও আলো ঠিক করা হয়, চেহারা বদলায় এমন এডিট করা হয় না।
- পছন্দের জীবনসঙ্গীর বিবরণ সেট করা
- প্রাইভেসি সেটিং — কে আপনার তথ্য দেখবে, আপনিই ঠিক করবেন
- ফোনে ব্যবহার শেখানো
- ৭ দিনের মধ্যে ছোট পরিবর্তন ফ্রি
শর্তগুলো হলো:
- প্রোফাইল লেখা হয় শুধু সদস্যের দেওয়া তথ্য থেকে। জমা দেওয়ার আগে সদস্য নিজে প্রোফাইল দেখে অনুমোদন করেন, নিজের পাসওয়ার্ড সেট করেন এবং এই শর্তাবলি মেনে নেন।
- বিনা খরচে ছোটখাটো পরিবর্তনের ৭ দিন গোনা হয় সদস্য প্রোফাইল অনুমোদন করে জমা দেওয়ার দিন থেকে। অনুমোদিত প্রোফাইলের গুরুত্বপূর্ণ তথ্য বদলালে প্রোফাইল আবার যাচাই হয়।
- এই ফি প্রোফাইল অনুমোদন, প্রস্তাব বা বিয়ের নিশ্চয়তা দেয় না। প্রোফাইল অন্য সবার মতোই যাচাই হয়।
- টাকা শুধু ওয়েবসাইটের পেমেন্ট পেজের মাধ্যমে দিতে হয়। এজেন্ট ফোনে কখনো টাকা, ওটিপি বা পাসওয়ার্ড চান না।
- অন্য কারও হয়ে আবেদন করলে তাঁর সম্মতি লাগবে।
- টাকা ফেরতের নিয়ম রিফান্ড নীতিতে আছে।